• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম


মনুমুখে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট টাইম: November 5, 2025 12:21 am



মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ও বিট পুলিশিং সভা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর মডেল থানার উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মনুমুখ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমরান সাজু, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- পুলিশ একা সমাজ থেকে অপরাধ দূর করতে পারবে না। এজন্য জনগণের সহযোগিতা ও সচেতনতা সবচেয়ে বড় শক্তি। আপনারা কেউ অপরাধে উৎসাহ দেবেন না, বরং তথ্য দিন- আমরা ব্যবস্থা নেব। বিট পুলিশিংয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকেই আগে এগিয়ে আসতে হবে। পুলিশ জনগণের বন্ধু- এই সম্পর্কটিই আমাদের সবচেয়ে বড় সম্পদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভায় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে সমাজের বিভিন্ন অনিয়ম ও অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকারবদ্ধ হয়ে উপস্থিত সবাই “কমিউনিটি পুলিশিং প্রতিশ্রুতি” শপথে অংশ নেন।

এছাড়াও নিরাপদ সমাজ গড়তে নাগরিক ও পুলিশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার এ প্রচেষ্টা চলমান রাখার আহ্বান জানান বক্তারা।