

নবীগঞ্জে বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লিমন পরিবহনের একটি বাসের সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। শনিবার (৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগ্রাম এলাকাধীন নাঈমা ফিলিং স্টেশনের সামনে ঐ দুর্ঘটনাটি ঘটে।
নিহত একজন হলেন- লিমন পরিবহনের বাসে থাকা হেল্পার নরসিংদী উপজেলার পূর্ব ব্রাহ্মন্ধী এলাকার মোঃ কামাল হোসেনের পুত্র মেহেদী হাসান শ্রাবণ (২৫)। তাৎক্ষনিক বাসে থাকা অপর নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগ্রাম এলাকাধীন নাঈমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী লিমন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৯১৮৯) অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একইমুখী অজ্ঞাতনামা একটি বালুবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসে থাকা দুজন ব্যক্তি মৃত্যুবরণ করে এবং ৪ জন আহতের ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান জানান- দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজনের আত্মীয় স্বজন এসে লাশের পরিচয় শনাক্ত করছে। অপর জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। দূর্ঘটনা কবলিত বাস গাড়িটি শেরপুর হাইওয়ে থানার হেফাজতে আছে। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
