

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. ইয়াসীন আলী (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেগমপুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসীন আলী উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ইয়াসীন আলী বেগমপুর বাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী মামুন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৬৭৯১) একটি বাস তাঁকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় ইয়াসীন আলী মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
