• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


মাধবপুরে মোবাইল কোর্টের অভিযান: তিন মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

আপডেট টাইম: November 5, 2025 12:32 am




হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার (ফতেহগাজী মাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে ও উপ-পরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাখরনগর গ্রামের মো. টেনু মিয়া (৫০), পিতা: আজগর আলী, রাজাপুর গ্রামের কামাল (৫০), পিতা: মৃত বাবুল আক্তার, বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের মো. জসিম উদ্দিন (৩৭), পিতা: মো. আব্দুল হান্নান।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন- মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণেরও ভূমিকা রাখতে হবে।