• ঢাকা
  •    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম


মৌলভীবাজারে নেছার আহমেদের ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম: November 3, 2026 2:11 pm



ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে করা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত নয়টার দিকে মৌলভীবাজার শহর থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি নেছার আহমেদের কনিষ্ঠ ছেলে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় জুলাই আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলা থাকার পরও রাব্বি শহরের চৌমুহনা এলাকায় ফার্মেসি ব্যবসা পরিচালনা করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

একই সময়ে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাব্বি সাদমান ও গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নেছার আহমেদ মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার হওয়া রাব্বি সাদমান ও গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে করা মামলাগুলোর অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।