

ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:
আগামীকাল বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও কর্মব্যস্ততা। ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি জেলা সার্কিট হাউজসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুনভাবে।
শহরের সৌন্দর্য বৃদ্ধিতে ফুটপাথ দখলমুক্তকরণ কার্যক্রমও চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক ব্যবহার করবেন, সেসব এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় মেরামত কাজ শেষ পর্যায়ে রয়েছে। সমাবেশস্থল হিসেবে নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
মৌলভীবাজারজুড়ে এখন একটাই আলোচনা—প্রধানমন্ত্রীর আগমন এবং নতুন কর্মসূচির উদ্বোধনকে ঘিরে জেলার নতুন এক ব্যস্ত সময়।
