

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি পেট্রোল পাম্প ও একটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপে অনিয়ম এবং নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে এ জরিমানা করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মেসার্স মাসুক ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেন সরবরাহে ১১০ মিলিলিটার কম দিচ্ছে। এছাড়া ক্যালিব্রেশন সনদ গ্রহণ ছাড়াই তেল বিক্রি করা হচ্ছিল। এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৩২(৩) ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে শাহবন্দর এলাকায় অবস্থিত ‘নিউ রুচি ফুড’ নামের একটি বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে নিবন্ধন ও মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় একই আইনের ২৪ ধারায় প্রতিষ্ঠানটিকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
