• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম


রাজনগরে উঠানের মাটি খুঁড়ে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ৪

আপডেট টাইম: July 6, 2026 6:44 pm




রিপন মিয়া, মৌলভীবাজার:

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৮ দিন পর এক গৃহবধূর মরদেহ নিজ বাড়ির উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। স্বামীর স্বীকারোক্তির ভিত্তিতে প্রায় ৮ ফুট গভীর গর্ত খুঁড়ে সোমবার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকার বাসিন্দা জাহেদা বেগম (৩৮) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন তার কোনো খোঁজ না পেয়ে গত ৩ জুলাই তার বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির তদন্তে জাহেদার স্বামী আলমগীর আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দেন। পরে নিবিড় জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানায় পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার করিমপুর চা বাগান এলাকায় নিজ বাড়ির উঠানের সামনে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের উপস্থিতিতে খননকাজ চালানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আলমগীর আলী (৪০), জালাল আহমদ, আমিনুল ইসলাম ও নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।