

র্যাব-৯ ও র্যাব-১১ এর একটি যৌথ অভিযানে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টায় নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার পলাতক আসামী সজিবুরকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, এসএমপি, সিলেটের কোতয়ালী থানায় গত ২০ আগষ্ট ২০২৪ ইংরেজী তারিখের একটি মামলার এফআইআর নং-১৫/৩৭০ এর ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৪/ ৩০৭/ ৩০২/ ৩৪ দন্ড বিধি আইন ১৮৬০) ধারার পলাতক আসামী ছিলো সজিবুর। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সজিবুর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার রায়পুর থানার দুকুন্দিচর গ্রামের রবি উল্লার পুত্র।
গণ্যমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানিয়েছেন- র্যাব পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের কোতয়ালী থানায় হস্তান্তর করেছে।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
