• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম


শেরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে চারশত পিস ইয়াবাসহ আটক ১

আপডেট টাইম: October 19, 2024 2:08 pm




মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) ঐ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট সহ একজন লোক বিক্রির উদ্দ্যেশ্যে অবস্থান করছে।

তাৎক্ষণিক খবর পেয়ে গোয়েন্দা পুলিশের এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে সঙ্গীয় একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে- সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

এ সময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪ শত পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে গোয়েন্দা পুলিশ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম ৪শত পিস ইয়াবা ট্যাবলেট সহ কয়ছর আহমদকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান- আটক হওয়া কয়ছর বহুদিন যাবত আড়ালে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

বর্তমানে তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।