

স্টাফ রিপোর্টার:
‘তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে দৈনিক মৌলভীবাজার পত্রিকার শুভযাত্রা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর বাজারের রয়েল মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন মিয়ার সভাপতিত্বে এবং মো. ফাহাদ আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান।
শুভেচ্ছা বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের প্রতি দায়বদ্ধতা ও সত্যনিষ্ঠার বিষয়টি জড়িত। একটি পত্রিকা তখনই পাঠকের আস্থা অর্জন করতে পারে, যখন তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রকাশ করে। ‘দৈনিক মৌলভীবাজার’ সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাবে- শুভযাত্রায় এটাই প্রত্যাশা।
সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজারের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি শেখ সাহেদ মিয়া ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
এ সময় শেরপুর ফাঁড়ি পুলিশের এএসআই গৌতম দাসসহ স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা ও পেশাগত সততা বজায় রেখে দৈনিক মৌলভীবাজার এগিয়ে যাবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
