

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়- ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।
ঐ মামলার প্রেক্ষিতে আজ সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খলিলপুর ইউপিধীন ফতেপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে পুলিশ মামলার এজহারভুক্ত আসামী মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপিধীন নাসিরপুর এলাকার হাবিব মিয়ার পুত্র জুবেল মিয়াকে (২৭) গ্রেফতার করে।
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন-গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলার এজহারভুক্ত ২৩নং আসামী জুবেল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন- মামলার পর থেকেই অনেক আসামীরা আত্মগোপনে রয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামীকে সদর মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
