

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই স্লোগানকে ধারণ করে শেরপুর হাইওয়ে থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে থানা ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট সদরদপ্তরের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাইওয়ে পুলিশের সাফল্য দলগত প্রচেষ্টা ও পারস্পরিক আস্থার ফল। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ বজায় রেখে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিদায়ী ওসি আব্দুর রশিদ সরকার তাঁর বক্তব্যে বলেন, শেরপুরের মানুষ অত্যন্ত ভালো ও দানশীল। তার বাস্তব প্রমাণ হিসেবে পুলিশ সুপারের দিকনির্দেশনায় শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদ নির্মাণের চলমান কাজের কথা উল্লেখ করেন। তিনি শেরপুরে দায়িত্ব পালনকালে সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবাগত ওসি মোহাম্মদ হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, শেরপুর হাইওয়ে থানার দায়িত্ব গ্রহণ করে তিনি গর্বিত। পূর্বসূরির ধারাবাহিকতা বজায় রেখে সড়কে শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শেরপুর হাইওয়ে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স, পাশাপাশি হাইওয়ে থানা জামে মসজিদ কমিটির দায়িত্বশীল সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
