

ডেস্ক রিপোর্ট:
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, উৎপাদনশীলতার মূল লক্ষ্য হলো কম খরচে অধিক উৎপাদন বা আউটপুট নিশ্চিত করা। এ জন্য ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশের পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। বিদেশি বিনিয়োগকারী এবং আমদানি-রপ্তানিকারকদের জন্য সহজ ব্যবসায়িক পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
সিলেটের চা-বাগানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, চা-বাগান পরিদর্শন ও প্রয়োজনীয় প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া চা-বাগানে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে ছয়টি কমিটি কাজ করছে।
জেলা প্রশাসক আরও জানান, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ট্রেড লাইসেন্স পাওয়া এবং জয়েন্ট স্টক থেকে নিবন্ধনের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার সঞ্চালনায় সভায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও ফুলকলি ফুডের উপমহাব্যবস্থাপক জসীম উদ্দিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক সিলেটের উপমহাব্যবস্থাপক সোহেল হাওলাদার। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
