• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম


সিলেটে ডিসি পদে নতুন মুখ: রেজা হাসান, গুজবের অবসান

আপডেট টাইম: June 28, 2026 3:35 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: 

আলোচনা-সমালোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসনে নতুন নেতৃত্ব এসেছে। জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে মু. রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকে পুনর্বহালের যে গুঞ্জন ও নানা প্রচারণা চলছিল, তাতেও কার্যত ইতি ঘটল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন এতে স্বাক্ষর করেন এবং অবিলম্বে আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকে পুনরায় সিলেটে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন ধরনের প্রচারণা ছড়িয়ে পড়ে। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বহাল করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারির পর বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ নিয়ে বিতর্কের পর গত ২১ জুন এক আদেশে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।