

হবিগঞ্জের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৮১৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতু নির্মাণ এবং সড়ক পুনর্বাসনের কাজ করা হবে।
বুধবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, হবিগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নেওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে জেলার যোগাযোগ ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন মাত্রা যুক্ত হবে। এ জন্য জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক শক্তিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় ক্লাব ও সামাজিক সংগঠনগুলোকে নিজ নিজ এলাকায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে প্রশাসন ও পুলিশকে নিয়মিত সমন্বয় করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবার সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এস এম ফয়সল, আবু মনসুর সাখাওয়াত হাসান ও শাম্মী আক্তার, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে জেলা বিএনপি আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
