• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম


হাইওয়ের নিরাপত্তায় সততা ও পেশাদারত্বের বার্তা অতিরিক্ত আইজিপির

আপডেট টাইম: October 8, 2026 11:04 pm



ডেস্ক রিপোর্ট:

হাইওয়ে পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও দায়িত্ব পালনের চ্যালেঞ্জের কথা শুনে তা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ফারুক আহমেদ। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় এসব কথা বলেন ফারুক আহমেদ। সভায় সিলেট হাইওয়ে রিজিয়নের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ।

সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অতিরিক্ত আইজিপি তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ফারুক আহমেদ বলেন, পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে প্রত্যেক সদস্যকে পেশাদারত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মহাসড়কে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্ব দেন।

কল্যাণ সভা শেষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপণ করেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

পরে তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করেন। এ সময় থানার অস্ত্রাগারের নিরাপত্তা, মামলা তদন্ত, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এরপর হাইওয়ে পুলিশের সিলেট হাইওয়ে সার্কেল অফিসও পরিদর্শন করেন তিনি।