• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম


হাইওয়ে পুলিশের জালে ১৫ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ২

আপডেট টাইম: September 9, 2025 4:25 pm



শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে হঠাৎই ধরা পড়লো অবৈধভাবে আনা ৩ হাজার কেজি ভারতীয় জিরা। সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৫০ মিনিটে এই অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।

ঢাকামুখী ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-০৮৮২) সিগন্যাল দিয়ে থামিয়ে ট্রাকচালক শাহপরানের কাছ থেকে পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহজনক আচরণে ট্রাক তল্লাশি করে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য- ১০০ বস্তায় মোট ৩ হাজার কেজি ভারতীয় জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, “নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালনকালে আমরা সন্দেহ হলে প্রতিটি গাড়ি যাচাই করি। আজকের এই অভিযানে অবৈধ জিরার বিশাল চালান জব্দ করা সম্ভব হয়েছে।”

ট্রাকচালক শাহপরানসহ সংশ্লিষ্ট হেরপারকে আটক করা হয়েছে। ট্রাক ও জব্দকৃত জিরা থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হওয়ার অভিযোগ থাকলেও এবার হাইওয়ে পুলিশের সজাগ ভূমিকায় বড় ধরনের চালান ধরা পড়লো।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানিয়েছেন- মহাসড়কে সর্বসাধারণের নিরাপত্তায় হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।