• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম


অবশেষে খুলছে শ্রীমঙ্গল-সিলেট রুটের পরিবহন জট

আপডেট টাইম: May 12, 2026 1:50 am



নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শেরপুর সড়কে ফিটনেসবিহীন ও পারমিটবিহীন ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ বাস চলাচলের প্রতিবাদে ডাকা টানা দুই দিনের পরিবহন ধর্মঘট শেষে পুনরায় শ্রীমঙ্গল-সিলেট রুটে বিরতিহীনভাবে চলাচল করবে এসএমএস এক্সপ্রেস।

রাতে এসএমএস পরিবহনের ব্যবহৃত ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে যাত্রী সাধারণের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন পরিবহন মালিক নেতারা। পোস্টে বলা হয়, বৈধ কাগজপত্র না থাকায় জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ হবিগঞ্জী বাস চলাচল বন্ধ করা হয়েছে। ফলে আগামীকাল থেকে নিয়মিত বাস চলাচল স্বাভাবিক হবে।

এর আগে রোববার (১০ মে) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে সড়ক অবরোধ করেন এসএমএস পরিবহনের বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বঘোষণা ছাড়াই অবরোধ শুরু হওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকা থেকে দুর্ভোগে পড়েন। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়। দূরপাল্লার বাসের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় খাবার ও বিশ্রাম সংকটেও পড়েন।

অবরোধকারীদের অভিযোগ, ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ নামে কিছু বাস দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ফিটনেস ও বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।