• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম


অলিপুর চেকপোস্টে পুলিশের সাফল্য: ৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, চোরাচালান ঠেকাতে নজির স্থাপন

আপডেট টাইম: October 5, 2025 10:03 pm



হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত তল্লাশি অভিযানে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৬০০ কেজি জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (০৬ অক্টোবর) রাত ১টা ৩৫ মিনিটের দিকে অলিপুর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্টে ঢাকা মুখী “স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস”-এর কাভার্ড ভ্যান (নম্বর- ঢাকা মেট্রো ট ১১-৭১৯৪) থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ভেতরে লুকিয়ে রাখা সুরাজ কোম্পানির ২০ বস্তা ভারতীয় জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ ড্রাইভার সুরুজ মিয়া (৫৫), হেলপার রনি ইসলাম (২১) ও সহযোগী মো. নাদিম (৩২) কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অলিপুর চেকপোস্ট হাইওয়ে নিরাপত্তা ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করছে যেন কোনো অবৈধ পণ্য বা অপরাধী এই রুট ব্যবহার করতে না পারে।

উল্লেখ্য, অলিপুর পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে এ এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন এসেছে। স্থানীয়দের মতে, নিয়মিত তল্লাশি ও কঠোর নজরদারির ফলে এখন মহাসড়ক আরও নিরাপদ হয়েছে।

এদিকে অলিপুর ক্যাম্পের এমন সফল অভিযান হাইওয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়েছে। স্থানীয়রা বলছেন- এই চেকপোস্ট স্থাপন হাইওয়ে নিরাপত্তার ক্ষেত্রে এক ‘গেম চেঞ্জার’।