• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম: August 18, 2025 7:37 pm



“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ রিং ও ভেসাল জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাছ কেবল প্রোটিনের প্রধান উৎসই নয়, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। বক্তারা আরও বলেন, কিছু অসাধু জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে মা-মাছ ও ছোট পোনা নির্বিচারে শিকার করছে, এতে মাছের উৎপাদন কমছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগকে আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে এবং জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, এলজিডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, মৎস্যচাষী জহিরুল ইসলাম চৌধুরী ও মুরাদ আহমেদ।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও মৎস্যজীবিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।