• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম


কমলগঞ্জ সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত -২ আহত-৩

আপডেট টাইম: November 6, 2024 8:03 pm




মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতল এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিনজন আহত হন।

বুধবার (৬ নভেম্বর) সকালে কমলগঞ্জের হিড বাংলাদেশ অফিস সংলগ্ন বটতলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)।

আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার ৬ নভেম্বর সকালে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী (প্রাক-নির্বাচনী পরীক্ষার্থী) শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা। এ সময় সিএনজি গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা এলাকায় আসলে এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।