• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম


কর্মদক্ষতায় শ্রেষ্ঠদের পুরস্কৃত করল মৌলভীবাজার জেলা পুলিশ

আপডেট টাইম: September 7, 2026 6:08 pm



মৌলভীবাজার প্রতিনিধি: 

পুলিশের কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও পেশাগত দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে- এমন আলোচনার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগস্ট মাসে কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সদস্যদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে আগস্ট ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ। শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন জুড়ী ট্রাফিকের টিএসআই মো. আলাউদ্দিন। আর শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হয়েছেন শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ।

এ ছাড়া আলোচিত একটি দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকারকে পুরস্কৃত করা হয়। সিডিএমএসে উল্লেখযোগ্যসংখ্যক মামলা ও ওয়ারেন্ট এন্ট্রি করায় সদর কোর্টের সিডিএমএস অপারেটর কনস্টেবল নজরুল ইসলামকেও পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাসিক কল্যাণ সভার মাধ্যমে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে মতামত নেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বকে উৎসাহিত করা হচ্ছে। কর্মদক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।