• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম


কাব্য-সাহিত্যে বিশেষ অবদানে ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন আমিনুল ইসলাম সফর

আপডেট টাইম: October 26, 2026 8:33 pm




নিউজ ডেস্ক:

কাব্য ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন কবি, সাহিত্যিক, সংগঠক ও শিক্ষক আমিনুল ইসলাম সফর।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক একাডেমি, সিলেটের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৪০ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশ্রাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আউয়াল।

উল্লেখ্য, আমিনুল ইসলাম সফর প্রায় আড়াই দশক ধরে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। জাতীয়, আঞ্চলিক, দৈনিক, মাসিক ও ত্রৈমাসিক বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি নিয়মিত ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ ও কলাম লিখে যাচ্ছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি।

তিনি বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, ওসমানীনগরস্থ আটগাঁও মোহাম্মদীয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেটের আজীবন সদস্য।

পেশায় তিনি একজন শিক্ষক। ২০০৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু হয়। বর্তমানে তিনি ওসমানীনগর উপজেলার থানাগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

তিনি ২০১২ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি সফরে ভারত ভ্রমণ করেন। ২০০৮ সালে জাতীয় মাসিক ‘আদর্শ নারী’ পত্রিকার যুগসেরা নবীন কবি নির্বাচিত হন। এছাড়া সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেন।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আমিনুল ইসলাম সফরকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন।