• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম


খলিলপুরে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ

আপডেট টাইম: February 7, 2026 7:45 pm




মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের পক্ষে খলিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচার ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খলিলপুর ইউনিয়নের দাউদপুর চরাহাটি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং এম নাসের রহমানের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

প্রচারকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার ও রাজনগর এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি জবাবদিহিমূলক সংসদ গঠনের লক্ষ্যে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, এম নাসের রহমান নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. আবুল হুসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জুয়েল আহমেদ, জেলা যুবদলের সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ শাহজাহান, খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা শেপু মিয়া, শিপন মিয়া ও নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।