• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম


জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

আপডেট টাইম: September 13, 2026 6:16 pm



ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত জুবা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও একই গ্রামের ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে জুবা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে তাঁর হাত-পা বেঁধে নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার-মার্কুলি সড়কের পাশে একটি জমিতে মরদেহ ফেলে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জুবা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরদিন নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। পরে মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ের পর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত এ রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।