• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম


 জেনারেল ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালনে সেনাবাহিনীর গার্ড অব অনার

আপডেট টাইম: February 16, 2026 2:44 pm




ডেস্ক রিপোর্ট | 

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (বীর উত্তম)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন তাঁর সমাধিস্থলে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই বীর সেনানীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় জেনারেল ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের এই কিংবদন্তি সেনানীর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদবির সেনা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে জেনারেল ওসমানীর অসামান্য নেতৃত্ব ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জেনারেল এম. এ. জি. ওসমানী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্ব ও কৌশল আজও দেশের প্রতিরক্ষা ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে।