

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ইলাশপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বেপরোয়া গতির ঢাকা এক্সপ্রেস নামের সিলেটগামী যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অপর আরোহী আরশ আলী।
নিহত নাজমুল ইসলাম উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত আরশ আলীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাজপুর বাজার এলাকায় বাসটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসটির ভেতর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসের ভেতর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাক্রমে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় দুই পাশে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, নিহতের লাশ থানায় রাখা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন দিলে মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।
