

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ২২ জানুয়ারি জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মৌলভীবাজারে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে সম্পন্ন হয়েছে জনসভাস্থলের দৃশ্যমান মঞ্চ প্রস্তুতি। মাঠজুড়ে এখন সাজ সাজ রব, ব্যস্ত সময় কাটাচ্ছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন, জনসভাকে সফল করতে গত কয়েকদিন ধরে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নিয়মিত জনসভাস্থল পরিদর্শন করছেন। মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, মাইকিং, ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
দলের নেতাকর্মীরা জানান, সিলেট বিভাগের চার জেলার মিলনস্থল হিসেবে পরিচিত মৌলভীবাজারের এই জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। শেরপুর বাজার ও আশপাশের এলাকায় ইতোমধ্যে বাড়তি যানবাহন, স্বেচ্ছাসেবক টিম এবং শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হচ্ছে। এর আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন।
পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে সিলেটের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মৌলভীবাজারের শেরপুর এলাকার আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় অংশ নেবেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, এই জনসভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রস্তুতি বৈঠক, প্রচার মাইকিংসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, এটি হবে মৌলভীবাজারের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক জনসভা।
