• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মৌলভীবাজারে সেমিনার

আপডেট টাইম: January 8, 2026 11:30 am



নিজস্ব প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে মৌলভীবাজারে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট-এর আয়োজনে মৌলভীবাজার শহরের জাতীয় মহিলা সংস্থার হলরুমে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌহিদুজ্জামান পাভেল। তিনি নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সংবাদ সংগ্রহ ও প্রচার করা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ধরনের বিভ্রান্তিকর, অসম্পূর্ণ কিংবা গুজবভিত্তিক সংবাদ নির্বাচন পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি আরও বলেন, গুজব ও ভুল তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এ কারণে গণভোট ও নির্বাচন সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা নির্বাচনকালীন সংবাদ পরিবেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং এতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারটি নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন।