• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম


দিরাইয়ে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত দুই পুলিশ

আপডেট টাইম: February 16, 2026 9:28 pm




নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক দণ্ডপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের একটি চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়া (৪৫)- কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন দিরাই থানার উপপরিদর্শক (এসআই) হেলাল মিয়া। গ্রেপ্তার শেষে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলযোগে থানায় নেওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় সাজ্জাদের স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের হাত থেকে হাতকড়াসহ সাজ্জাদ মিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। তবে আসামি সাজ্জাদ মিয়া এখনও পুলিশের নাগালের বাইরে রয়েছে। গ্রামবাসীর উদ্যোগে তাকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

হামলায় আহত এসআই হেলাল মিয়া ও এএসআই বিল্লাল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. প্রশান্ত দাস তালুকদার।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “দণ্ডপ্রাপ্ত আসামিকে থানায় নেওয়ার সময় সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নতুন মামলা রুজু করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

স্থানীয়দের মতে, পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতিও সরাসরি চ্যালেঞ্জ। এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।