

মোঃ ফাহাদ আহমদ:
নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে নম্বরবিহীন একটি ডিআই পিকআপের ধাক্কায় একই বিদ্যালয়ের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তাঁরা। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং সিলেটে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আরেকজনের মৃত্যু হয়।
নিহত দুজন হলেন ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরী শামীম রেজা। মাসুম পারভেজ নেত্রকোনার আটপাড়া উপজেলার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে নবীগঞ্জের পানিউমদা এলাকায় যাচ্ছিলেন। মাসুম পারভেজ তাঁর মেয়েকে দেখতে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়।
অন্যদিকে, গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পিকআপটির কোনো নম্বর ছিল না।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে দুই সহকর্মীর মৃত্যুতে বিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
