• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট টাইম: June 2, 2026 3:08 pm




নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম দেবপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার সাহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে কালনী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আশরাফুলের মা স্বামী পরিত্যক্তা হওয়ায় ছোটবেলা থেকেই তিনি উপজেলার দেবপাড়া গ্রামের উত্তরপাড়ায় নানাবাড়িতে বসবাস করতেন।

ঘটনার খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।