

ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে প্রবাসী ছেলের স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুত্রবধূ তামান্না আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩) ওই গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তাঁর ছেলে রফিকুল ইসলাম চৌধুরী বিদেশে (দুবাই) কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লামনীরপাড়ে নিজ বাড়ি থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত-পা বাঁধা এবং মুখে কস্টেপ লাগানো ছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, পুত্রবধূ তামান্না আক্তারের সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি পারিবারিক অশান্তির কারণ হয়ে ওঠে। রোববার গভীর রাতে ওই যুবকসহ কয়েকজন তামান্নার সঙ্গে দেখা করতে বাড়িতে আসেন। একপর্যায়ে ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা নেওয়ার বিষয় নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ফেরদৌসী ইসলাম চৌধুরী ঘুম থেকে জেগে উঠে চিৎকার করলে তাঁকে দমন করতে হাত-পা বেঁধে ফেলা হয় এবং মুখে কস্টেপ লাগানো হয়। এতে শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তামান্না আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভাই ফারুক আহমেদ বাদী হয়ে তামান্না আক্তার, তাঁর কথিত প্রেমিক এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পুত্রবধূকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
