• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম


বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৬ ধাপ পেছাল বাংলাদেশ

আপডেট টাইম: October 16, 2025 11:10 am



বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৬ ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম, যা আগের তালিকার (জুলাই ২০২৫) তুলনায় ছয় ধাপ পিছিয়েছে। তখন বাংলাদেশের অবস্থান ছিল ৯৪তম। এ অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া।

তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা এখনো ৩৮টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে রয়েছে—বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, কম্বোডিয়া, কুক আইল্যান্ডস, ফিজি, গ্রেনাডা, মালদ্বীপ, নেপাল, সেশেলস, শ্রীলঙ্কা, ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ আরও বেশ কয়েকটি দেশ।

অক্টোবরের তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল (১০১), সোমালিয়া (১০২), পাকিস্তান ও ইয়েমেন (১০৩), ইরাক (১০৪), সিরিয়া (১০৫) এবং আফগানিস্তান (১০৬)।

অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তৃতীয় স্থানে জাপান।
চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন ও সুইজারল্যান্ড, আর পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পাসপোর্টের মানোন্নয়নে কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি এবং পাসপোর্ট সেবার মান আরও উন্নত করা জরুরি।