

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে। সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে ঐ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়- খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আশুগঞ্জগামী (ঢাকা মেট্রো চ ১১-৫৮৩৮) একটি সন্দেহভাজন মাইক্রোবাসকে পুলিশ থামার সংকেত দেয়।
এ সময় মাইক্রোবাসটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে গাড়িটি জব্দ করে পুলিশ। এতে চালক পালিয়ে গেলেও তল্লাশিতে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন- “সড়কপথকে মাদকমুক্ত রাখা আমাদের অগ্রাধিকারমূলক দায়িত্ব। গোপন সংবাদের ভিত্তিতে ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে ১০৮ কেজি গাঁজা উদ্ধার হাইওয়ে পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
মাদক পাচারকারীরা সড়কপথ ব্যবহার করে নানা কৌশলে অবৈধ কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, কিন্তু আমাদের সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন এলাকায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।”
