• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পিএম


মৌলভীবাজারের নতুন এসপি মনিরুল ইসলাম, জনবান্ধব পুলিশিংয়ের প্রতিশ্রুতি

আপডেট টাইম: June 13, 2026 11:08 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: 

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম ও জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশি পরিবেশ গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বৃদ্ধি এবং পুলিশি সেবার মানোন্নয়নে তিনি কাজ করতে চান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা কর্মজীবনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও জেলায় দায়িত্ব পালন করেছেন। অপরাধ দমন, তদন্ত কার্যক্রম, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিংয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। আধুনিক ও জনমুখী পুলিশিং ব্যবস্থার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নতুন এসপি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কার্যকর পুলিশিং সম্ভব নয়। এ জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে।

পর্যটন, কৃষি ও চা-শিল্পনির্ভর মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান দায়িত্ব। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন পুলিশ সুপারের যোগদানকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।