

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতদল সড়কের উপর গাছ কেটে রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে স্থানীয় জনতা ও শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেন।
শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অলক কান্তি গুণ জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ডাকাতির চেষ্টা ব্যর্থ করি। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে সড়কে ফেলা গাছগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
