

রিপন মিয়া, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩০ জন কৃষকের মধ্যে ৪৫ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে এ ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংকের মৌলভীবাজার জেলা শাখা, জুড়ী শাখা ও শ্রীমঙ্গল শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ শর্তে ও সময়মতো কৃষিঋণ বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ঋণপ্রাপ্ত কৃষকেরা জানান, সময়মতো পাওয়া এই আর্থিক সহায়তা তাঁদের কৃষিকাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
