

মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতি (রেজিঃ নং: মৌলভী-১৯৩/৯৯, সমাজসেবা অধিদপ্তর) এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২৩ আগস্ট)। শহরের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে সকাল ১০টায় দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আলমগীর। যৌথ সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সহ-সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক রজত দাশ মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মোঃ মওদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেওয়ান আহমদ, উপদেষ্টা মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা সাংবাদিক শ. ই. সরকার, উপদেষ্টা মোঃ খলিলুর রহমান, উপদেষ্টা সৈয়দ মহসিন আহমদ, উপদেষ্টা চন্দন ভট্টাচার্য্য, মৌলভীবাজার জজ কোর্টের এডভোকেট মোঃ মশাহিদ মিয়া এবং বিভিন্ন স্বনামধন্য কেবলস ও ইলেকট্রনিক্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, পাঠ করেন কার্যকরী সদস্য মোঃ মোজাহিদুল ইসলাম সিতু। পাশাপাশি পবিত্র গীতা পাঠ করেন সাধারণ সদস্য নিতাই দাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি সালাম আহমদ জিতু, সাধারণ সদস্য দেওয়ান মাসুকুর রহমান ও বদরুল হোসেন। মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও উপহার বিতরণের মাধ্যমে দিনের দ্বিতীয় পর্ব শুরু হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সমিতির সদস্যদের তিনটি স্বেচ্ছাসেবক টিম সার্বিক দায়িত্ব পালন করে।
দিনব্যাপী আলোচনার পর সন্ধ্যায় বিভিন্ন পদের ১২০টি পুরস্কার নিয়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত পরিবেশে র্যাফেল ড্র-এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে মৌলভীবাজার ইলেকট্রিশিয়ান সমিতির এবারের বার্ষিক সাধারণ সভার।
