

মৌলভীবাজার, ২৬ জুলাই:
“পুলিশ হত্যাকে সামনে রেখে ছাত্র-জনতার অভ্যুত্থানকে দমন করার অপচেষ্টা চলছে”—এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের প্রতিরোধ ছিল একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ও ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।”
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকায় “দেশ গড়তে জুলাই” পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩ আগস্ট এক দফা দাবিতে স্পষ্ট করে দিয়েছি—আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের ওপর যে দমনপীড়ন চালানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছি প্রতিরোধ গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “আমাদের অনেকগুলো দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু আমাদের সকল দাবি এখন শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। আমরা বলেছি—আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষের শক্তি।”

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা নতুন একটি সংবিধানের কথা বলেছি—যেখানে বাংলাদেশের মানুষের অধিকার, ইতিহাস এবং সকল জাতি-ধর্ম-বর্ণের সমান সুযোগের নিশ্চয়তা থাকবে।”
এর আগে সকালে শহরের শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়, যা কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক হয়ে বেরিরপাড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় জনস্রোত।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম।
বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমনসহ আরও অনেকে।

এই পদযাত্রা ও পথসভা এনসিপির সাংগঠনিক শক্তির প্রমাণ হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
