• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


মৌলভীবাজারে দায়িত্বের স্বীকৃতি: শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শেরপুর ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস

আপডেট টাইম: January 6, 2026 1:23 pm



মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জেলার শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। দায়িত্ব পালনে সততা, অপরাধ দমনে কার্যকর ভূমিকা এবং জনবান্ধব পুলিশিংয়ের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুরস্কার গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় এসআই শিপু কুমার দাস বলেন, এই স্বীকৃতি এককভাবে আমার নয়। সদর সার্কেলের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অফিসার ফোর্স ও সহকর্মীদের সম্মিলিত সহযোগিতা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, শেরপুর ফাঁড়ি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত সাড়া এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলায় এসআই শিপু কুমার দাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই অর্জন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তারা।