• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম


মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম

আপডেট টাইম: June 11, 2026 7:34 pm




মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর এবার মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মো. মনিরুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে মৌলভীবাজারে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের কয়েকজন কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম (বিপি-৮২১০১২৬৮৪৭) মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নাসরীন সুলতানা এ প্রজ্ঞাপনে সই করেন।

এদিকে মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে নতুন পুলিশ সুপারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

উল্লেখ্য, মো. মনিরুল ইসলাম এর আগে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি জেলার পুলিশ প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।