• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


মৌলভীবাজারে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা: আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, আহত ১২

আপডেট টাইম: September 16, 2025 2:26 pm




মৌলভীবাজারে চরম সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ শিক্ষার্থী। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে।

জানা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে ছোটখাটো দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার বিকেলে স্কুলের সামনে ঝগড়াঝাটির সময় পূর্ব সাধুহাটি গ্রামের সাবেক মেম্বারের ছেলে এরশাদ মিয়া হাতে কাঠের রোল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। তিনি হঠাৎ করেই শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তামিম আহমেদ, হানিফ মিয়া গুরুতর আহতসহ মোট ১২ শিক্ষার্থী রক্তাক্ত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- জাহান আহমেদ, সোহাগ মিয়া, আরিয়ান আহমেদ, তানিম আহমেদ, সালেহ আহমেদ, হুসাইন আহমেদ, হাসান আলি, মারুফ মিয়া, জিহান আহমেদ, হাবিব আহমেদ, এস এম হানিফ ও তামিম আহমেদ।

আহত শিক্ষার্থী হানিফের চাচা সুমন আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্কুলে পরীক্ষার আগে ছোটখাটো ঝগড়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শেষে ছাত্রদের মামা পরিচয়ে এক ব্যক্তি ঢুকে ১৫-২০ জন ছাত্রকে এলোপাতাড়ি মারধর করে। এতে আমার ভাতিজা গুরুতর আহত হয়। সোহাগ নামের আরেক শিক্ষার্থীর মাথায় পাঁচটি সেলাই পড়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দে বলেন, “এভাবে বাইরের লোক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করা নজিরবিহীন। কয়েকজন গুরুতর আহত হয়েছে। আমরা চাই প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সুশীল সমাজ। তারা বলেন, “বিদ্যালয় হলো শিক্ষার জায়গা, সন্ত্রাসের নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। যারা স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুব জানান, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশ্ন- বিদ্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলার পরও যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে শিক্ষার্থীরা কি নিরাপদে স্কুলে যেতে পারবে?