

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি বলেছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়; এ ক্ষেত্রে সামাজিক সচেতনতা এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
বৃহস্পতিবার (২ জুলাই) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতা ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা এবং মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছাড়া এই সমস্যা পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়।”
তিনি মাদক প্রতিরোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার মাদক ব্যবসার বর্তমান পরিস্থিতি এবং তা প্রতিরোধে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে জেলা পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারের হাতে সংগঠনের বিশেষ প্রকাশনা ‘স্মরণিকা: মুক্তবলি’ তুলে দেওয়া হয়।
এ সময় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, পিন্টু দেবনাথ, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
