• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম


মৌলভীবাজারে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান: উদ্ধার ১ একর ২০ শতাংশ সরকারি জমি

আপডেট টাইম: September 9, 2025 6:19 pm



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে দখল হয়ে থাকা ১ একর ২০ শতাংশ সরকারি জমি অবশেষে মুক্ত হলো। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা।

জানা গেছে, গত কয়েকবছর ধরে সড়ক বিভাগের খাস জমি দখল করে গড়ে উঠেছিল টংঘর, দোকানপাট, টিনশেড এবং আধাপাকা ঘর। যানবাহন চলাচল ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাঘাত সৃষ্টিকারী এসব স্থাপনা সরিয়ে দিতে কঠোর অবস্থানে যায় প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহ। মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, শেরপুর ফাঁড়ি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহর উপস্থিতি ও মৌলভীবাজার সদর উপজেলা আর্মি ক্যাম্পের লে. সিদরাতুলমুনতাহা আচল (১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহ বলেন, “আমরা শেরপুর বাজার এলাকায় সড়ক বিভাগের আওতাধীন ১ একর ২০ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করেছি। সরকারি জমিতে ভবিষ্যতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কাউছার হামিদ জানান, “এটি নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ। ভবিষ্যতে সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ হাতে নেওয়া হবে।”

প্রশাসনের দৃঢ় পদক্ষেপে শেরপুর বাজারের চিত্র বদলাতে শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে এলাকায় যানজট কমবে, সড়ক হবে নিরাপদ, এবং উন্নয়ন প্রকল্পগুলো কার্যকর হবে।