• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম


মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার ৪ লাখ ৪০ হাজার টাকা

আপডেট টাইম: August 4, 2026 11:20 am




মোঃ ফাহাদ আহমদ: 

মৌলভীবাজার শহরে বিক্রির উদ্দেশ্যে আনা ৮ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৪০ হাজার টাকা, একটি প্রাইভেটকার এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে শহরের শ্রীমঙ্গল সড়কের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

পুলিশ জানায়, প্রথমে শ্রীমঙ্গল সড়কের পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে চালক মুরাদ আলী মিলনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে এসএমএস বাস কাউন্টারের সামনে অবস্থানরত মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁদের দেহ ও ব্যবহৃত গাড়ি তল্লাশি করে দুইটি শপিং ব্যাগ থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। এ ছাড়া মুরাদ আলী মিলনের কাছ থেকে এবং তাঁর ব্যবহৃত প্রাইভেটকার থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে মাদক কেনাবেচার অর্থ বলে ধারণা করা হচ্ছে। জব্দ করা হয়েছে ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি প্রাইভেটকারও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। সর্বশেষ উদ্ধার হওয়া চালানটিও একই সীমান্তপথে আনা হয়েছে বলে তাঁরা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই শিপু কুমার দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির কথা জানিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”