• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম


মৌলভীবাজার- ৩ আসনে ধানের শীষের শেষ মিছিল, বিপুল জনসমাগমে মুখর শহর

আপডেট টাইম: February 9, 2026 11:16 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. নাসের রহমানের পক্ষে ধানের শীষের শেষ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এই মিছিল শহরজুড়ে সৃষ্টি করে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সরকারি স্কুল মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি শুরু হয়। বিকেল সাড়ে তিনটা থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শত শত নেতাকর্মী স্কুল মাঠে জড়ো হন। ধানের শীষের প্রচারণা গাড়িতে সুরেলা গান, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে হাজার হাজার ছাত্র-তরুণ, নারী-পুরুষ মিছিলে অংশ নেন।

মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম. নাসের রহমান বলেন- আমাদের প্রতিদ্বন্দ্বী দল নির্বাচন চুরি করতে নানা ধরনের কূটকৌশল অবলম্বন করছে। আগামী দুইদিন সবাইকে সতর্ক থাকতে হবে। তারা সেন্টারে সেন্টারে গন্ডগোল করার চেষ্টা করতে পারে। ভোটের দিন কেন্দ্রগুলোকে রাত থেকেই পাহারায় রাখতে হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন- প্রত্যেকের বাসা ও বাড়ির সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসুন। মৌলভীবাজার-রাজনগরের উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করুন।

এছাড়াও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব অদুদ আলম, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা মহিলা দলের সভাপতি ডা. দিলশাদ পারভীন ও সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধরসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সরকারি স্কুল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি চৌমুহনী হয়ে এম সাইফুর রহমান সড়ক, সিলেট সড়ক, শাহ মোস্তফা সড়ক ও আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়।

শেষ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ধানের শীষের এই জনসমুদ্র প্রমাণ করে মৌলভীবাজার- ৩ আসনে বিএনপির প্রার্থী এম. নাসের রহমানের পক্ষে ব্যাপক গণসমর্থন রয়েছে। নির্বাচনের শেষ দিনে এই মিছিল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ