• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম


রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট টাইম: July 24, 2026 6:57 pm




ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: 

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদটি শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সংবিধানের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথও নিয়েছিলেন, যাতে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য আগাম শপথ নিয়ে থাকেন বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, মো. সাহাবুদ্দিন আগের সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

সংসদীয় গণতন্ত্রে দেশে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনো রাষ্ট্রপতি সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন। এর আগে বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কে এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি টানা ২ মাস ১৬ দিন ওই দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।