• ঢাকা
  •    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম


শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট টাইম: May 16, 2026 7:57 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:

মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেওয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় দেওয়া অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে হবিগঞ্জ বাস-মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় শনিবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ বাস-মালিক সমিতির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সিলেট বিভাগের সঙ্গে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

হবিগঞ্জ বাস-মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, গত রোববার মৌলভীবাজারের শেরপুর সেতু এলাকায় হবিগঞ্জের কয়েকটি বাস স্থানীয় কিছু বাসশ্রমিক আটকে দেন। এ ঘটনায় দুই জেলার বাস-মালিক সমিতির নেতাদের মধ্যে বৈঠক হলেও শনিবার সকালে আবারও মৌলভীবাজারে হবিগঞ্জের কয়েকটি বাস আটকে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এর প্রতিবাদে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাস-মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করেন।

এর আগেও এ রুটে হবিগঞ্জের বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস-মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে একাধিকবার বিরোধ দেখা দেয়। এসব বিরোধকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ